১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

খাগড়াছড়িতে শিক্ষার্থী অপহরণের ঘটনায় আরেক আসামি গ্রেপ্তার

রোববার সকালে জেলা শহরের চেঙ্গী স্কয়ার থেকে শিক্ষার্থী আল রাফিকে অপহরণ করা হয়। পরে তাকে উদ্ধার করে সেনাবাহিনী।

খাগড়াছড়িতে শিক্ষার্থী অপহরণের ঘটনায় আরেক আসামি গ্রেপ্তার
গ্রেপ্তার হওয়া মো. মনির।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2025, 01:23 PM

Updated : 26 Aug 2026, 02:14 PM

খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীকে অপহরণের ঘটনায় পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে টিঅ্যান্ডটি পাহাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আব্দুল বাতেন মৃধা। 

গ্রেপ্তার মো. মনির চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আল রাফিকে অপহরণের মামলায় এজাহারভুক্ত আসামি। এ নিয়ে মামলার তিন আসামিকে গ্রেপ্তার করছে পুলিশ ও সেনাবাহিনী।

এর আগে রোববার সকাল সাড়ে ১১টায় জেলা শহরের চেঙ্গী স্কয়ার থেকে শিক্ষার্থী আল রাফিকে অপহরণ করা হয়। খবর পেয়ে উদ্ধার অভিযানে নামে সেনাবাহিনী। 

পরে বিকাল সাড়ে ৫টার দিকে পানছড়ি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মাহফুজুল ইসলামের নেতৃত্বে পানছড়ি মোল্লাপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। 

এ সময় অপহরণের ঘটনায় জড়িত বাদশা মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পানছড়ি বাজার থেকে কামরুল ইসলাম নামে আরও একজন অপহরণকারীকে আটক করা হয়। 

পরে রোববার অপহৃত শিক্ষার্থীর মামা বাদী হয়ে চারজনকে আসামি করে মামলা করেন বলে জানান ওসি আব্দুল বাতেন মৃধা। 

তিনি বলেন, “অপহরণের ঘটনার পর থেকে পলাতক ছিল মো. মনির। শুক্রবার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এখনো পলাতক আছেন অপহরণের ‘মূলহোতা’ মালেক মিয়া (মালু)।”

আগের সংবাদ

খাগড়াছড়িতে অপহৃত শিক্ষার্থী উদ্ধারগ্রেপ্তার ২