১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাকসু নির্বাচন: খসড়া তালিকায় মোট ভোটার ২৫ হাজার

১৫ সেপ্টেম্বর ভোটগ্রহণ এবং সেদিনই ফলাফল ঘোষণার কথা রয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2025, 11:01 AM

Updated : 26 Aug 2026, 01:32 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ এর খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার প্রকাশিত ওই তালিকায় মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ১২৭ জন। যার মধ্যে ছাত্র ভোটার ১৫ হাজার ৪৪১ জন এবং ছাত্রী ভোটার ৯ হাজার ৬৮৬ জন।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক আমজাদ হোসেন।

ভোটার তালিকা রাকসুর ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট আবাসিক হলের নোটিশবোর্ডে পাওয়া যাবে। ভোটার তালিকা নিয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি হবে ৭, ১০, ১১ ও ১২ অগাস্ট এবং চূড়ান্ত ভোটার তালিকা ১৪ আগস্ট প্রকাশ করা হবে।

১৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হলে ভোটগ্রহণ এবং সেদিনই ফলাফল ঘোষণার কথা রয়েছে।

খসড়া তালিকা অনুযায়ী, ছাত্র ভোটারদের মধ্যে শের-ই-বাংলা ফজলুল হক হলে ৯৭২ জন, শাহ মখদুম হলে ১ হাজার ২৪৭ জন, নওয়াব আব্দুল লতিফ হলে ৮১৭ জন, সৈয়দ আমীর আলী হলে ৯৮৮ জন, শহীদ শামসুজ্জোহা হলে ১ হাজার ৩৫ জন ও শহীদ হবিবুর রহমান হলে ২ হাজার ৩৯৮ জন ভোটার রয়েছে।

এছাড়া মতিহার হলে ১ হাজার ৬১৮ জন, মাদার বখশ হলে ১ হাজার ৫৭৩ জন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে ১ হাজার ৫৪২ জন, শহীদ জিয়াউর রহমান হলে ১ হাজার ৯৪৭ জন এবং বিজয়-২৪ হলে ১ হাজার ৩০৩ জন ভোটার রয়েছে।   

ছাত্রী ভোটারদের মধ্যে মন্নুজান হলে ২ হাজার ৭ জন, রোকেয়া হলে ১ হাজার ৮১৬ জন, তাপসী রাবেয়া হলে ১ হাজার ৩৭ জন, বেগম খালেদা জিয়া হলে ১ হাজার ১২৭, রহমতুন্নেসা হলে ১ হাজার ৫৪৭ জন এবং জুলাই-৩৬ হলে ২ হাজার ১৫৩ জন রয়েছেন। 

এর আগে ২৮ জুলাই নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। 

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আমজাদ হোসেন জানান, তফসিল অনুযায়ী ১৭ থেকে ১৯ অগাস্ট পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। ২১, ২৪ ও ২৫ আগস্ট মনোনয়নপত্র দাখিলের সময় নির্ধারণ করা হয়েছে; বাছাই প্রক্রিয়া চলবে ২৭ ও ২৮ অগাস্ট। প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ হবে ৩১ অগাস্ট।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২ সেপ্টেম্বর। আর চূড়ান্ত প্রার্থী তালিকা ৪ সেপ্টেম্বর প্রকাশ করা হবে বলে জানান তিনি।