Published : 31 Jul 2025, 08:14 PM
ফরিদপুর সদর উপজেলার এক চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড ও একজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মাকসুদুর রহমান আসামিদের উপস্থিতিতে এ আদেশ দেন বলে জানান রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) চৌধুরী জাহিদ হাসান।
মৃত্যুদণ্ড পাওয়ারা হলেন- সদর উপজেলার পশ্চিম খাবাসপুর মহল্লার মো. মেহেদী আবু কাওসার (২৫), একই এলাকার মো. জনি মোল্লা (৩০), মো. আবু রাসেল শেখ (২৫), রবিদাস পল্লির রাজেশ রবি দাস (২৯) এবং গোয়ালচামট মহল্লার মো. রবিন মোল্লা (২৫)। তাদের মধ্যে রাসেল শেখ পলাতক আছেন।
১০ বছরের সশ্রম কারাদণ্ড পাওয়া মো. বাদশা শেখ (৩১) রাজবাড়ী সদর উপজেলার মসলিসপুর গ্রামের বাসিন্দা।
এপিপি জাহিদ হাসান কলেন, সদর উপজেলার পশ্চিম খাবসপুর এলাকার মো. আয়নাল মোল্লার ছেলে শওকত মোল্লা (২০) ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। ২০১৯ সালের ১৪ নভেম্বর বিকাল সাড়ে ৪টার দিকে বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হয়ে নিখোঁজ হন শওকত।
পরদিন সকালে শহরের মোল্লা বাড়ি সড়কের শেষ মাথায় স্থানীয় আবুল হোসেনের ধান ক্ষেতে থেকে শওকতের লাশ উদ্ধার করে পুলিশ।
লাশ উদ্ধারের পরদিন ১৬ নভেম্বর শওকতের বাবা আয়নাল অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে ফরিদপুর কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন বলে জানান এপিপি জাহিদ হাসান।
তিনি বলেন, তদন্ত শেষে ২০২০ সালের ২০ অগাস্ট ফরিদপুর কোতোয়ালি থানার তৎকালীন এসআই শামীম আক্তার ছয়জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র প্রদান করেন।
অভিযোপত্রের বরাতে জাহিদ হাসান বলেন, আসামিরা যাত্রীবেশে ইজিবাইক ভাড়া করে নির্জন স্থানে নিয়ে চালককে হত্যা করে ইজিবাইকটি নিয়ে যায়।
সাক্ষ্য গ্রহণ শেষে পাঁচ আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা এবং আরেক আসামিকে ১০ বছর সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে আরও ১০ মাস কারাবাসে থাকতে হবে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।
এই রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে বলে মনে করেন এপিপি জাহিদ হাসান।