পাহাড় ধস: লামা ও চকরিয়ায় ৭ জনের মৃত্যু
রাত থেকে লামায় মোবাইল যোগাযোগ বিঘ্নিত হচ্ছে।
টানা ভারি বৃষ্টির মধ্যে বান্দরবানের লামা এবং কক্সবাজারের চকরিয়ায় পাহাড় ধসে শিশুসহ সাতজনের মৃত্যু হয়েছে।
লাগোয়া দুই উপজেলায় বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোরের মধ্যে এসব দুর্ঘটনা ঘটে।
লামায় এক ঘটনায় মারা গেছেন জুয়েল (২৮) ও তার স্ত্রী কুলসুমা বেগম (২২)। আরেক ঘটনায় মারা যান ইউনুস (২৮), তার স্ত্রী রানু বেগম (২২) এবং তাদের চার বছর বয়সি সন্তান সোলায়মান। তারা সবাই আজিজনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মিশনপাড়ার বাসিন্দা।
ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোবারক হোসেন বলেন, “প্রথম ঘটনা রাতে ঘটেছে। অন্য আরেকটার ঘটনা ভোরের দিকে ঘটেছে। দূরে হওয়ায় ফায়ার সার্ভিস লামা থেকে নিয়ে আসা হয়নি।
“চট্টগ্রাম জেলার লোহাগাড়া এলাকার চুনতি থেকে ফায়ার সার্ভিস এসে লাশ উদ্ধার করেছে। তাদের লাশ উদ্ধার করে রাখা হয়েছে। প্রাথমিকভাবে সুরতহাল করে দুপুরে জানাজা হবে।”
মোবারক সকাল ১০টার দিকে বলেন, এর আগে ২০০৯ সালে লামায় একবার এবং ২০১৬ সালে আরেক ভয়াবহ পাহাড় ধসের ঘটনা ঘটেছে। তখন অনেক মানুষ মারা গেছে।
“কিন্তু এই মিশনপাড়া এলাকায় এর আগে কখনও ঘটেনি। আজকেও আবহাওয়ার পরিস্থিতি ভাল নয়। এখনো গুড়ি গড়ি বৃষ্টি হচ্ছে।”
কাছাকাছি সময়ে দুটি পাহাড় ধসের ঘটনায় আজিজরগর এলাকার বাসিন্দারা আতঙ্কে রয়েছে বলে জানান তিনি।
লামা থানার ওসি কায়ছার হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলার আজিজনগর ইউনিয়নে পৃথক পাহাড় ধসের ঘটনায় দুই পরিবারে পাঁচজন মারা গেছেন।
“প্রথম ঘটনাটি ঘটে রাত ২টা থেকে আড়াইটার মধ্যে। এতে এক পরিবারে দুজন নিহত হয়। পরে ভোর চারটায় আরেকটা পাহাড় ধসে মাটি চাপা পড়ে একই পরিবারের তিনজন নিহত হয়।”
তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে জানিয়ে ওসি বলেন, “গতকাল রাত থেকে বিদ্যুৎ চলে যাওয়ায় লামা উপজেলার কোথাও টেলিটক নেটওয়ার্ক নেই। এ কারণে যোগাযোগে সমস্যা হচ্ছে।”
ফায়ার সার্ভিস থেকে দেওয়া বার্তায় জানা যায়, একটি ঘটনায় ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছানোর আগেই ৩ জনকে নিহত অবস্থায় স্থানীয়ভাবে উদ্ধার করা হয়েছে। অপর ঘটনায় লোহাগাড়া ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই জনকে নিহত অবস্থায় উদ্ধার করে।
এদিকে লামা উপজেলা লাগোয়া কক্সবাজারের চকরিয়ায় পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা চাচাতো ভাই-বোন। আহত হয়েছেন এক নারী।
চকরিয়ার ইউএনও শাহীন দেলোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার রাত ২টার দিকে বড়ইতলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মছনিয়া কাটা এলাকায় পাহাড় ধসে ওই দুই শিশুর মৃত্যু হয়।
নিহতরা হলেন, ১৪ বছর বয়সী তৌসিফ ও ১৭ বছর বয়সী রুমি আক্তার।
ইউএনও শাহীন বলেন, রাতে ভারি বৃষ্টিতে পাহাড়ের একটি অংশ ধসে বসতঘরের ওপর পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় তিনজন মাটিচাপা পড়েন। রাতের অন্ধকারে স্থানীয় বাসিন্দারাই প্রাথমিক উদ্ধারকাজ চালান।
তারা তিনজনকে উদ্ধার করে বাইরে নিয়ে এলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত এক নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চকরিয়া থানার ওসি মনির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। নিহতরা সম্পর্কে চাচাতো ভাই-বোন।
