১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন

২০২১ সালের ৬ জানুয়ারি পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয় বলে জানান পিপি।

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন
চাঁপাইনবাবগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2025, 04:31 PM

Updated : 26 Aug 2026, 01:30 PM

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে হত্যার দায়ে তার স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

রোববার চাঁপাইনবাবগঞ্জের জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আব্দুল ওদুদ।

দণ্ড পাওয়া মধু মিয়া (৩৫) উপজেলার মনাকষা ইউপির চৌধুরীপাড়া গ্রামের মো. বজলুর রহমানের ছেলে। নিহত তানজিলা বেগম একই ইউনিয়নের মশিউর রহমানের মেয়ে।

পিপি আবদুল ওদুদ বলেন, ২০২১ সালের ৬ জানুয়ারি পারিবারিক কলহের জেরে মধু মিয়া তার স্ত্রী তানজিলাকে গলা কেটে হত্যা করেন। ঘটনার পরদিন নিহতের ভাই জিয়ারুল বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা করেন। 

২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি শিবগঞ্জ থানার তৎকালীন পরিদর্শক মো. আব্দুল মালেক তদন্ত শেষে মধু মিয়াকে আসামি করে আদালতে অভিযোগপত্র প্রদান করেন বলে জানান তিনি।

সাক্ষ্য গ্রহণ শেষে আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে আরও ছয় মাস কারাবাসে থাকতে হবে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।