Published : 02 May 2026, 10:55 PM
সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ১১ দিন পর শেরপুরের ঝিনাইগাতী উপজেলার প্রবাসী রনি মিয়ার লাশ দেশে এসেছে।
শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে তার মরদেহ দেশে পৌঁছায়। শনিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের দিঘীরপাড় পালপাড়া গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমীন।
২১ এপ্রিল রিয়াদে মোটরসাইকেল দুর্ঘটনায় রনি মিয়ার মৃত্যু হয়। তিনি ঝিনাইগাতী উপজেলার দিঘীরপাড় পালপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
ইউএনও মো. আল আমীন বলেন, “সৌদি আরবে শ্রমিকের মৃত্যুর বিষয়টি দুঃখজনক। নিহতের পরিবারের পাশে থাকার চেষ্টা করবে উপজেলা প্রশাসন।”

নিহতের বড় ভাই মো. মনিরুজ্জামান বলেন, রনি গ্রামের বাড়িতে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন এবং মাঝে মধ্যে ব্যাটারিচালিত রিকশা চালাতেন। ২০২৪ সালে জীবিকার তাগিদে তিনি ফুড ডেলিভারির কাজে সৌদিতে যান। কিন্তু দুই মাসের মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে বাড়িতে ফিরে আসেন।
পরে ২০২৫ সালের অক্টোবরে আবার শ্রমিক ভিসায় সৌদি আরবে যান রনি। সেখানেই আবার মোটরসাইকেল দুর্ঘটনায় ২১ এপ্রিল তার মৃত্যু হয়।
শুক্রবার রাতে মরদেহ বাড়িতে পৌঁছালে স্বজন ও স্থানীয়রা শেষবারের মতো তাকে দেখতে ভিড় করেন। দাম্পত্য জীবনে রনি দুই কন্যা সন্তানের জনক ছিলেন। তার বড় মেয়ে সুমাইয়া আক্তার (৭) এবং ছোট মেয়ে মুফাসিনা আক্তার (৩)।
নিহতের স্ত্রী দিলরুবা আক্তার বলেন, “স্বামী হারিয়েছি, সন্তানরা বাবাকে হারিয়েছে। এখন তাদের নিয়ে কীভাবে চলব বুঝতে পারছি না।”
আরও পড়ুন:
সৌদি আরবে সড়কে নিহত শেরপুরের যুবক, লাশ ফেরাতে পরিবারের আকুতি