১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতিতে ধরা পড়ে হাজতে ‘জয় বাংলা’ স্লোগান, ভিডিও ভাইরাল

“এ জন্য থানার সিসিটিভি ফুটেজও পর্যালোচনা করা হচ্ছে।”

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2026, 01:02 PM

Updated : 16 Sep 2026, 01:02 PM

নারায়ণগঞ্জের ফতুল্লায় আওয়ামী লীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগে আটক দশ কিশোর ও তরুণ থানা হাজতে বসেই ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছে। 

সেই মুহূর্তে ধারণ করা একটি ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়ার পর তোলপাড় শুরু হয়েছে।

‘আজমেরী ওসমান’ নামে একটি ফেইসবুক পেইজে ভিডিওটি প্রকাশ করা হয়। পুলিশের হেফাজতে থাকা আসামিদের হাতে মোবাইল ফোন কীভাবে গেল এবং তারা ওই ভিডিও সামাজিক যোগযোগ মাধ্যমে কীভাবে পোস্ট করার সুযোগ পেল তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ফতুল্লা মডেল থানার কয়েকজন পুলিশ জানিয়েছে, থানার ভেতর থেকেই ভিডিওটি ধারণ করা হয়েছে।

এদিকে ওই ভিডিও নজরে আসার কথা জানিয়ে ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম বলছেন, “ভিডিওটি যদি ফতুল্লা থানার ভেতরের হয়ে থাকে তাহলে আসামিদের হাতে মোবাইল ফোন কীভাবে গেল এবং তারা কীভাবে ভিডিও ধারণের সুযোগ পেলেন, সেটি তদন্ত করে দেখা হবে।”

“এ জন্য থানার সিসিটিভি ফুটেজও পর্যালোচনা করা হচ্ছে।”

এর আগে শনিবার রাতে ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কের সাইনবোর্ড এলাকায় গ্র্যান্ড চাঁদনী রেস্টুরেন্টের বিপরীতে ঢাকামুখী প্রধান সড়ক থেকে ওই দশ জনকে আটক করে ফতুল্লা থানার পুলিশ।   

ওসি মাহবুব আলম বলেন, “কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মামলা করা হয়। রোববার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।”

আটক ব্যক্তিদের বয়স ১৫ থেকে ২০ বছরের মধ্যে। তাদের একজন নগরীর পাইকপাড়া এলাকার এবং বাকিরা ফতুল্লার বিসিক এলাকার বাসিন্দা। 

ওসি আরও বলেন, ভিডিওচিত্রটি ফতুল্লা থানার হাজতে ধারণ করা হয়েছে কি-না, সে বিষয়ে এখনই নিশ্চিত হওয়া যায়নি। ভিডিওটির উৎস, ধারণস্থল এবং এতে থাকা ব্যক্তিদের পরিচয়সহ সংশ্লিষ্ট বিষয়গুলো যাচাই করে বিস্তারিত জানানো হবে।