১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পৌনে দুইশ বছরের ‘রং মহল’ এখন পাঠাগার

শেরপুরের ‘পৌনে তিন আনী জমিদারের’ প্রশাসনিক ভবন হিসেবে এটি নির্মাণ করা হয়েছিল।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2026, 06:34 PM

Updated : 26 Aug 2026, 02:48 PM

শেরপুরে প্রায় পৌনে দুইশত বছরের পুরনো ‘পৌনে তিন আনী জমিদারের’ প্রশাসনিক ভবন হিসেবে নির্মিত ‘রং মহল’টি জ্ঞান চর্চার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে।

জ্ঞানভিত্তিক কৃষি উন্নয়নের মাধ্যমে সমৃদ্ধ শেরপুর গড়ার লক্ষে ভবনটিতে শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের পাঠাগার উদ্বোধন করা হয়।

মঙ্গলবার সকালে এর উদ্বোধন করেন শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

এ সময় শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ সালমা লাইজু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক তরফদার কৃষি শিক্ষার মানোন্নয়ন, গবেষণাভিত্তিক জ্ঞানার্জন ও প্রশিক্ষণার্থীদের দক্ষতা বৃদ্ধিতে লাইব্রেরির গুরুত্ব তুলে ধরেন। 

আধুনিক কৃষি ব্যবস্থাপনা ও টেকসই কৃষি উন্নয়নে প্রশিক্ষণার্থীদের আরও মনোযোগী ও উদ্ভাবনী হওয়ার আহ্বান জানান তিনি।

অধ্যক্ষ সালমা লাইজু বলেন, “জমিদার আমলের ‘শীষ মহল’ নামের একটি পুরনো ভবন সংস্কার করে ডিপার্টমেন্টাল লাইব্রেরি উদ্বোধন করা হয়েছে। তবে লাইব্রেরিটি সবার জন্য উন্মুক্ত থাকবে। যে কেউ এখানে এসে পড়াশোনা করতে পারবেন। 

“প্রাথমিকভাবে আমরা কিছু ডিপার্টমেন্টের বই রেখেছি। যদি কেউ বই গিফট করে সেক্ষেত্রেও এখানে সংরক্ষণ করা হবে।”

এতে কৃষি শিক্ষায় জ্ঞানচর্চার নতুন দিগন্ত উন্মোচন হবে বলে মনে করছেন শিক্ষার্থীরা।

এদিকে লাইব্রেরি প্রতিষ্ঠায় সচেতন মহল সাধুবাদ জানালেও ইতিহাস সমৃদ্ধ ‘পৌনে তিন আনী জমিদারের’ শেষ স্মৃতি ‘রং মহল’ সংস্কার করে এর সরূপ পরিবর্তন করা হয়েছে। এতে নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস এবং সৌন্দর্য পরিবর্তন হয়ে যেতে পারে বলে মনে করছেন তারা।