১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঘোষণার ৬ মাস পর টুঙ্গিপাড়ায় এনসিপির সমন্বয় কমিটি

আগামী তিন মাস অথবা আহ্বায়ক কমিটি গঠন হওয়া পর্যন্ত এ কমিটি বহাল থাকবে বলে দলটির অফিসিয়াল পেইজে জানানো হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2025, 03:47 PM

Updated : 26 Aug 2026, 05:16 PM

সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ঘোষণার ছয় মাস পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলায় সমন্বয় কমিটি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।

আগামী তিন মাস অথবা আহ্বায়ক কমিটি গঠন হওয়া পর্যন্ত এ কমিটি বহাল থাকবে বলে এনসিপির অফিসিয়াল পেইজে জানানো হয়েছে।

রোববার এনসিপি কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর সই করা এক বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণা করা হয়।

এতে টুঙ্গিপাড়া উপজেলার প্রধান সমন্বয়কারীর পদ পেয়েছেন মুতাসিম বিল্লাহ (এম বিল্লাহ), যুগ্ম সমন্বয়কারী হয়েছেন শাহিদ আলম, শফিকুল ইসলাম, কোকিল মিয়াসহ মোট ১০ জন। এ ছাড়া সদস্য করা হয়েছে আরও ২৯ জনকে। এনিয়ে মোট ৪০ সদস্য বিশিষ্ট এ সমন্বয় কমিটি গঠন করা হয়।

এনসিপির গোপালগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী আরিফুল দাড়িয়া বলেন, রোববার ৪০ সদস্য বিশিষ্ট টুঙ্গিপাড়া উপজেলার সমন্বয় কমিটির ঘোষণা করা হয়। সংগঠন সম্প্রসারণ ও কার্যক্রম গতিশীল করতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

চলতি বছরের ৪ জুন এনসিপির অফিসিয়াল ফেইসবুক পেইজে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়াসহ ২০টি উপজেলায় সমন্বয় কমিটি আসছে বলে ঘোষণা দেওয়া হয়। ঘোষণার ছয় মাস পর টুঙ্গিপাড়ায় সমন্বয় কমিটির অনুমোদন দিল দলটি।