মৌলবাদমুক্ত সম্প্রীতির দেশ চাই: চিফ হুইপ
ধামরাইয়ের শ্রীশ্রী যশোমাধবের রথযাত্রা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে মৌলবাদমুক্ত দেশ গড়ার কথা বলেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
বৃহস্পতিবার বিকালে ধামরাই পৌর এলাকার কায়েতপাড়ায় মাধব মন্দিরে শ্রীশ্রী যশোমাধবের রথযাত্রা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম মনি বলেন, “বাংলাদেশ ভালো দেশ। এই দেশকে একটি বিশেষ আখ্যা দিয়ে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে। আমরা মৌলবাদে বিশ্বাস করি না। বিএনপি মৌলবাদে বিশ্বাস করে না। ধামরাইয়ের মানুষ মৌলবাদে বিশ্বাস করে না। আপনারা করেন? না। আমরা বিএনপি চাই, আমরা মৌলবাদমুক্ত একটা সম্প্রীতির দেশ এবং সবাই মিশে এই দেশটা গঠন করব।”
তিনি বলেন, “দেশের কোনো মানুষ সংখ্যালঘু নয়। সবাই এ দেশের নাগরিক। একজন হিন্দু, একজন মুসলমান, একজন খ্রিস্টান বা বৌদ্ধ- সবার অধিকার সমান।”
রথযাত্রাকে ধর্মীয় সম্প্রীতির উদাহরণ আখ্যা দিয়ে চিফ হুইপ বলেন, “মানুষে-মানুষে ও ধর্মে-ধর্মে যে সম্প্রীতি, ধামরাই তার একটি উদাহরণ। সবাই ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়তে হবে।”
এর আগে মাধব মন্দিরে ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে মাধব বিগ্রহ রথে স্থাপন করা হয়। পরে রথখোলা মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে ঢাকা-২০ আসনের সংসদ সদস্য তমিজ উদ্দিন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদ, ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ ও ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথ মন্দির কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জীবন কানাই দাস। সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক সুকান্ত বণিক।
অনুষ্ঠান শেষে সন্ধ্যায় চিফ হুইপ নুরুল ইসলাম মনি পুরোহিতের হাতে প্রতীকী রশি তুলে দেন। এরপর ভক্তরা রশি টেনে শ্রীশ্রী যশোমাধবকে তার শ্বশুরালয় যাত্রাবাড়ী মন্দিরে নিয়ে যান।
সেখানে অবস্থানের পর ২৪ জুলাই উল্টো রথযাত্রার মাধ্যমে মাধব বিগ্রহ আবার মূল মন্দিরে ফিরিয়ে আনা হবে। তবে রথ মেলা চলবে এক মাস।
