বেনাপোল বন্দরে ক্রেন দুর্ঘটনায় শ্রমিক নিহত: পণ্য উঠানামা বন্ধ
“বেনাপোল বন্দরের চেয়ারম্যান দুপুরে ঘটনাস্থলে আসবেন এবং শ্রমিকদের সঙ্গে বৈঠক করবেন।”
যশোরের বেনাপোল স্থলবন্দরে ক্রেন দুর্ঘটনায় এক শ্রমিক নিহত হওয়ায় বুধবার সকাল থেকে পণ্য লোড-আনলোড কার্যক্রম বন্ধ রয়েছে।
তবে আমদানি-রপ্তানি এবং যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে বলে বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানিয়েছেন।
এর আগে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় বন্দরের টিটিআই মাঠে ভারতীয় ট্রাক থেকে লোহার সিট খালাসের সময় ক্রেনের সিলিং তার ছিঁড়ে শাহজাহান আলী নামে ওই শ্রমিকের মৃত্যু হয়। আহত হন আরও একজন।
নিহত ৫৬ বছর বয়সী শাহজাহান বেনাপোল পোর্ট থানার পাঠবাড়ি গ্রামের আফতাব আলীর ছেলে।
সাজেদুর রহমান বলেন, “টিটিআই ট্রাক টার্মিনালে ক্রেন দিয়ে পণ্য খালাসের সময় দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শাহাজানকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
“এ ঘটনায় হ্যান্ডলিং শ্রমিকরা বন্দরে লোড-আনলোড বন্ধ রেখেছেন।”
তিনি বলেন, “বেনাপোল বন্দরের চেয়ারম্যান দুপুরে ঘটনাস্থলে আসবেন এবং শ্রমিকদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকের পর পণ্য লোড-আনলোড কার্যক্রম আবার শুরু হবে।”
