বেনাপোল স্থলবন্দরে ক্রেনের তার ছিঁড়ে শ্রমিকের মৃত্যু
আহত সোহেল হোসেনকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বেনাপোল স্থলবন্দরে পণ্য খালাস করার সময় ক্রেনের সিলিং তার ছিঁড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরেকজন।
বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সহিদ আলী বলেন, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় স্থলবন্দরের টিটিআই মাঠে ভারতীয় ট্রাক থেকে লোহার সিট খালাসের সময় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম শাহজাহান আলী (৫৬)। তিনি বেনাপোল পোর্ট থানার পাঠবাড়ি গ্রামের আফতাব আলীর ছেলে।
আহত সোহেল হোসেনকে (৫২) শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি একই থানার সাদিপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
দুজনই বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১ এর সদস্য।
শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ ইব্রাহিম বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা বন্দরের দুজন শ্রমিককে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষার পর একজনকে মৃত ঘোষণা করা হয়।
