Published : 10 Apr 2026, 12:24 PM
ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরে ফুটপাত দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করা শতাধিক ‘ঝুপড়ি’ দোকান উচ্ছেদ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত এ অভিযান চালানো হয় বলে জানান বোয়ালমারী সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদ।

অভিযানে পৌর সদরের স্টেশন রোডের বাজার এলাকা থেকে চৌরাস্তা পর্যন্ত এবং ওয়াপদা মোড় থেকে বাজার পর্যন্ত সড়কের দুই পাশের ফুটপাত দখলমুক্ত করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদ বলেন, জনস্বার্থে সরকারের নির্দেশনা অনুযায়ী দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযান চলাকালে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করার দায়ে আটটি ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ফুটপাতের ওপর গড়ে ওঠা অস্থায়ী শতাধিক দোকান উচ্ছেদ করা হয়।
তিনি আরও বলেন, শহরের ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।