নেত্রকোণায় লিফটে আটকে পড়া সাত শিক্ষার্থীকে উদ্ধার
সমাজসেবা অধিদপ্তরের ভবনের লিফটটি যান্ত্রিক ত্রুটির কারণে আটকে গিয়েছিল।
নেত্রকোণায় সমাজসেবা অধিদপ্তরের ছয়তলা ভবনের একটি লিফটে আটকে পড়া সাত শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে যান্ত্রিক ত্রুটিতে ভবনের চতুর্থ তলায় লিফটটি আটকে যায় বলে জানান নেত্রকোণা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার খানে আলম খান।
উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলেন- মেহেদী হাসান (১৯), রিফাত (১৬), শুভ (১৬), মৌন (১৭), শ্রাবণ (১৮), পায়েল (১৭) ও সিয়াম (১৭)। তারা সমাজসেবা অধিদপ্তরের একটি প্রশিক্ষণে অংশ নিতে ভবনটিতে গিয়েছিলেন।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা খানে আলম খান বলেন, খবর পেয়ে সকাল ১১টার দিকে আট সদস্যের একটি দল ঘটনাস্থলে যায়। পরে লিফটের দরজা খুলে ভেতরে আটকে থাকা সাত শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।
তিনি বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে লিফটটি আটকে গিয়েছিল। সকাল ১১টা ২০ মিনিটে উদ্ধার অভিযান শেষ হয়। এ ঘটনায় কেউ আহত হননি।
