১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বান্দরবানে লোকালয় থেকে লজ্জাবতী বানর উদ্ধার

প্রাণীটি আলীকদমে মাতামূহুরী সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে।

বান্দরবানে লোকালয় থেকে লজ্জাবতী বানর উদ্ধার
স্থানীয় এক ব্যক্তির বাড়ি এলে বানরটি তারা আটক করে আঙিনায় বেঁধে রাখেন।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2025, 06:39 PM

Updated : 26 Aug 2026, 01:24 PM

বান্দরবানে লামা উপজেলার লোকালয় থেকে বিপন্ন প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে; যাকে পরে আলীকদমের মাতামূহুরী সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন বন বিভাগের কর্মকর্তারা।

শুক্রবার বিকালে লামা উপজেলার সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেরাখোলা মুসলিমপাড়া আব্দুল মোমিনের বাড়ি থেকে বানরটি উদ্ধার করা হয় বলে জানান বন বিভাগের লামা সদর রেঞ্জ কর্মকর্তা এ.কে.এম. আলতাফ হোসেন। 

তিনি বলেন, রফিকুল ইসলাম নামে স্থানীয় এক সংবাদকর্মীর দেওয়া  তথ্যে লামা উপজেলার মেরাখোলা মুসলিমপাড়া থেকে শুক্রবার বিকালে লজ্জাবতী বানরটি উদ্ধার করা হয়। আগের দিন রাতে ওই এলাকার আব্দুল মোমিন নামে এক ব্যক্তির বাড়িতে বানরটি এলে তারা আটক করে বাড়ির আঙিনায় বেঁধে রাখেন। খবর পেয়ে লামা বন বিভাগের কর্মকর্তারা বানরটি উদ্ধার করে। পরে আলীকদমের মাতামূহুরী সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে।

সাংবাদিক রফিকুল ইসলাম বলেন, “বন-জঙ্গল ও গাছপালা উজাড় হওয়ার কারণে খাদ্যের সন্ধানে লজ্জাবতী বানর লোকালয়ে এসে স্থানীয়দের হাতে প্রাণ হারাচ্ছে। এসব বন্যপ্রাণী রক্ষা করতে হলে পরিবেশ রক্ষার পাশাপাশি স্থানীয়দেরও সচেতন করতে হবে। 

“গত এপ্রিলে লামার রূপসীপাড়া ইউনিয়নের শিলেরতুয়া এলাকা থেকে আরেকটি লজ্জাবতী বানর উদ্ধার করে ওই এলাকার গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।” 

লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, “উদ্ধার হওয়া বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানরটি আমাদের হেফাজতে রয়েছে। সুবিধাজনক সময়ে আলীকদমের মাতামূহুরী সংরক্ষিত বনে প্রাণীটি অবমুক্ত করা হবে।”

আরো পড়ুন:

খাগড়াছড়ির বিপন্ন লজ্জাবতী বানর মুক্ত হল বনে