১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুমিল্লায় কভার্ড ভ্যান ও অটোরিকশা সংঘর্ষে মা-ছেলের মৃত্যু

ঘটনাস্থলেই ওই নারী নিহত হন। আর ছেলেকে হাসপাতালের চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2026, 05:27 PM

Updated : 26 Aug 2026, 03:25 PM

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় কভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে অটোরিকশা আরোহী এক নারী ও তার ছেলের প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন যাত্রী।  

বুধবার বেলা সাড়ে ৩টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের বারেরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে মিরপুর হাইওয়ে ক্রসিং থানার ওসি মো. আখতারুজ্জামান জানান। 

নিহতরা হলেন- মুরাদনগরের বাংগরা এলাকার গাজীর হাট গ্রামের রওশন আরা (৩২) ও তার ছয় বছরের ছেলে ইয়ামিন। 

আহতরা হলেন- নিহত ইয়ামিনের নানা তাজুল ইসলাম, মনোয়ারা বেগম এবং অটেরিকশা চালক। 

প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম বলেন, “অটোরিকশার যাত্রীরা সবাই একই পরিবারের সদস্য। তারা কুমিল্লার সদর উপজেলার দুর্গাপুর এলাকা থেকে বাংগরা এলাকায় যাচ্ছিল। পথে কভার্ড ভ্যানের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। 

“এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হন। আহত অবস্থায় তার ছেলেকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকেও মৃত ঘোষণা করেন।” 

এলাকাবাসী দুর্ঘটনা কবলিত কভার্ড ভ্যানটি আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে বলে ওসি আখতারুজ্জামান জানিয়েছেন।