Published : 22 Mar 2026, 04:56 PM
কুড়িগ্রামের নাগেশ্বরীতে পারিবারিক কলহের জেরে ষাট বছর বয়সী এক ব্যক্তিকে হত্যার অভিযোগে তার ছেলেকে আটক করেছে পুলিশ।
রোববার দুপুরে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার কাটটারী গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে বলে নাগেশ্বরী থানার ওসি আব্দুল্লা হিল জামান জানান।
নিহত আব্দুল খালেক ওই গ্রামের বাসিন্দা। তার ছেলে আসাদুজ্জামান মানিক; বয়স ২৯।
পুলিশ ও স্থানীয়রা বলছে, প্রায় এক বছর আগে ভুরুঙ্গামারী থানায় বিয়ে করেন মানিক। তার স্ত্রীর সঙ্গে কয়েক মাস ধরে পারিবারিক কলহ চলছিল। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বাবার সঙ্গে মানিকের সাংসারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে উত্তেজিত হয়ে ঘরে থাকা শাবল দিয়ে মানিক তার বাবা খালেকের মাথায় আঘাত করলে ঘটনাস্থলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
ওসি আব্দুল্লা জামান বলেন, “এ ঘটনায় ছেলে মানিককে আটক করা হয়েছে। সে কিছুটা মানসিক ভারসাম্যহীন বলে প্রাথমিকভাবে জানা গেছে।”
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।