১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহে রডবোঝাই ট্রাকে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৭, ট্রাক জব্দ

গ্রেপ্তাররা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে ভাষ্য পুলিশের।

ময়মনসিংহে রডবোঝাই ট্রাকে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৭, ট্রাক জব্দ
ময়মনসিংহের ত্রিশালে রডবোঝাই ট্রাকে ডাকাতির ঘটনায় করা মামলায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2025, 06:42 PM

Updated : 26 Aug 2026, 11:53 AM

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় রডবোঝাই ট্রাকে ডাকাতির ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে; যাদের আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলছে পুলিশ।

এ সময় তাদের হেফাজতে থাকা ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার নারায়ণগঞ্জ, গাজীপুর ও নেত্রকোণা জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন।

গ্রেপ্তাররা হলেন- মো. শরীফ হোসেন (২৬), মো. নাঈম আহম্মেদ (২২), মো. ইয়াসিন (২৪), মো. রাজন (২২), মো. হাসান (২১), মামুন মিয়া (২২) এবং ইদ্রিস আলী (৫০)।

সোমবার দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে শামীম হোসেন বলেন, ২৯ জানুয়ারি বিকালে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারুইহাট বাজার থেকে রাজীব পরিবহনের একটি ট্রাকে ১৫ টন রড নিয়ে চালক জুয়েল মিয়া ও তার সহকারী আলম মিয়া শেরপুর জেলার উদ্দেশ্যে রওনা করেন।

পরদিন ভোরে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রায়মনি এলাকায় ট্রাকটি পৌঁছালে একটি খালি ট্রাক সড়কে রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এ সময় খালি ট্রাক থেকে পাঁচজন ধারালো অস্ত্র নিয়ে রডবোঝাই ট্রাকের চালক জুয়েলকে কুপিয়ে জখম এবং সহকারীকে ট্রাক থেকে ফেলে দেয়। 

পরে তারা রডবোঝাই ট্রাকটি নিয়ে চলে যান। খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ অভিযান চালিয়ে লুট হওয়া ট্রাকটি ভালুকা উপজেলার ধীতপুর বাওয়ারগ্রাম থেকে উদ্ধার করে। তবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

এ ঘটনায় রাজীব পরিবহনের ম্যানেজার মো. লুৎফর রহমান ত্রিশাল থানায় অভিযোগ করেন বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন।

তিনি বলেন, মামলাটি রুজু হওয়ার পর পুলিশের পাশাপাশি ডিবি ছায়া তদন্ত শুরু করে। পরে ডিবি পরপর দুই দিন অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতির পণ্য কেনায় জড়িত এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।