১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

কুমিল্লায় কোভিড ও ডেঙ্গুতে প্রাণ গেল ২ জনের

এ জেলায় করোনাভাইরাস সংক্রমণের হার ১২ দশমিক ৫ শতাংশ।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2025, 03:55 PM

Updated : 26 Aug 2026, 01:14 PM

কুমিল্লায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া দাউদকান্দি উপজেলায় ডেঙ্গুতে একজন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে শুধু এ উপজেলায় ডেঙ্গুতে মারা গেল পাঁচজন।

রোববার দুপুরে করোনাভাইরাসে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলার সিভিল সার্জন আলী নূর মোহাম্মদ বশির আহমেদ। 

অপরদিকে ডেঙ্গুতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার।

করোনাভাইরাসে মারা যাওয়া ব্যক্তি বুড়িচং উপজেলার কাবিলা এলাকার বাসিন্দা। তবে তার নাম-পরিচয় জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ।

অপরদিকে ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তি দাউদকান্দি পৌরসভার বলদাখাল এলাকার বাসিন্দা নুরুল আমিন (৫৫)।

সিভিল সার্জন কার্যালয়ের অফিসিয়াল ফেইসবুক পোস্ট থেকে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় করোনাভাইরাসে একজন আক্রান্ত এবং একজন মারা গেছেন।

চলতি মাসে জেলার বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে মোট ৬৭টি পরীক্ষায় ১২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ১২ দশমিক ৫ শতাংশ। তবে এ জেলায় এখনও সরকারিভাবে করোনাভাইরাস পরীক্ষা শুরু হয়নি বলে জানা গেছে।

এ দিকে জেলায় ডেঙ্গুর প্রকোপ দিন দিন বেড়েই চলছে। সরকারি তথ্য মতে, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ২৬৪ জন। তবে বাস্তবে এ সংখ্যা পাঁচগুণের বেশি।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৪ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৩৩ জন। এর মধ্যে মারা গেছে একজন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে শুধু দাউদকান্দি উপজেলায় মারা গেছেন পাঁচজন। এর মধ্যে চারজন নারী ও একজন পুরুষ।

কুমিল্লা জেলার সিভিল সার্জন বশির আহমেদ বলেন, “জেলার বিভিন্ন উপজেলা থেকে করোনাভাইরাস ও ডেঙ্গু সংক্রমণের তথ্য সংগ্রহ করছি। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।”

কুমিল্লায় ডেঙ্গুতে আরেক নারীর মৃত্যু

কোভিড সতর্কতা: বন্ধের পথে কুমিল্লার ২ হাসপাতালের আইসিইউ ইউনিট

ডেঙ্গু আক্রান্তের ৯০% দাউদকান্দির দুই ওয়ার্ডে, এক মাসে তিনজনের মৃত্যু