Published : 22 Apr 2026, 01:45 PM
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক নারীর প্রাণ গেছে। এতে আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে রোয়াইলবাড়ি ইউনিয়নের আমতলা গ্রামে এ ঘটনা ঘটে বলে কেন্দুয়া থানার ওসি মেহেদি মাকসুদ জানিয়েছেন।
নিহত ৩০ বছর বয়সী সোমা আক্তার ওই গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী।
পুলিশ বলছে, আহতদের মধ্যে নয়জন কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরে সাতজনের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ওসি মেহেদি মাকসুদ বলেছেন, দীর্ঘদিন ধরে জমি নিয়ে গ্রামের নুর ইসলাম ও প্রতিবেশী শাহীন মিয়া এবং বাবুল মিয়ার বিরোধ চলছিল। এর জেরে সকালে শাহীন ও বাবুল তার লোকজন নিয়ে বিরোধপূর্ণ ওই জমিতে এস্কেভেটর মেশিন দিয়ে মাটি কাটতে যায়। তখন নুরের লোকজন তাদের বাধা দেয়।
“এ সময় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে দুপক্ষের অন্তত ৩০ জন আহত হন। তাদের মধ্যে নুরের পক্ষের গুরুতর আহত সোমা আক্তারের মৃত্যু হয়।”
বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, ঘটনাটি তদন্তের পাশাপাশি হত্যায় জড়িতদের ধরতে অভিযান চলছে।