২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

বাগেরহাটের ‘গরুচোর’ সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা,  আহত ৩

ধাওয়া খেয়ে মিনিপিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। তখন গ্রামবাসী চারজনকে ধরে লাঠিসোটা দিয়ে বেদম পিটুনী দেয়।

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2025, 02:16 PM

Updated : 26 Aug 2026, 02:32 PM

বাগেরহাটের মোরেলগঞ্জে ‘গরুচোর’ সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার ভোরে উপজেলার বলভদ্রপুর গ্রামে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছেন মোরেলগঞ্জ থানার সেকেন্ড অফিসার ভবতোষ চন্দ্র মণ্ডল। 

নিহত মতিয়ার রহমান (৪৫) বাগেরহাট সদর উপজেলার চরগ্রামের রশিদ শেখের ছেলে। 

আহতরা হলেন, বাগেরহাট সদর উপজেলার আড়পাড়া গ্রামের মোহাম্মদের ছেলে মো. জনি (৩৮), রামপাল উপজেলার ভাগা বাজার এলাকার মো. বজলু হাওলাদারের ছেলে মো. রমন হাওলাদার (৩৮) ও ফকিরহাটের চাকুলি গ্রামের আব্দুল আজিজ শেখের ছেলে মো. আসাদুল শেখ (৪০)।

আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় পুলিশী হেফাজতে রাখা হয়েছে।

ভবতোষ চন্দ্র মণ্ডল বলেন, শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ছয়-সাতজনের একটি দল মিনি পিকআপ নিয়ে বলভদ্রপুর গ্রামে এসে একটি গরুর গোয়ালের সামনে দাঁড়ায়। 

এ সময় গাড়ির শব্দে ওই বাড়ির লোকজনের ঘুম ভেঙে যায়। গোয়ালের সামনে গাড়ি দেখে সন্দেহ হলে তারা ডাকচিৎকার শুরু করে। তাদের চিৎকার শুনে আশেপাশের লোকজন বেরিয়ে মিনি পিকআপটিকে ধাওয়া করে। 

গ্রামবাসীর ধাওয়া খেয়ে মিনিপিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। তখন গ্রামবাসী চারজনকে ধরে লাঠিসোটা দিয়ে বেদম পিটুনী দেয়। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মতিয়ার রহমানকে মৃত ঘোষণা করেন। 

নিহতের মরদেহ উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।