২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

পদ্মা সেতুর রেলিংয়ে ধাক্কা খেয়ে বাস উল্টে ৮ যাত্রী আহত

প্রায় পৌনে এক ঘণ্টা পর সেতুর ঢাকামুখী লেনে যান চলাচল স্বাভাবিক হয়।

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2026, 06:45 PM

Updated : 19 Sep 2026, 02:32 PM

মুন্সীগঞ্জে পদ্মা সেতুর রেলিংয়ে ধাক্কা খেয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে আটজন আহত হয়েছেন।

সোমবার দুপুরে লৌহজং উপজেলায় পদ্মা সেতুর মাওয়া প্রান্তে এ ঘটনা ঘটে বলে জানান মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম।

আহতরা হলেন- সাইফুল্লাহ (৮০), মো. লুৎফর (৬৩), রেবেকা খাতুন (৪০), নূর ইসলাম (৪৬), রশিদা (৪০), ফাতেমা (৭), সাইফ (২৩) ও আরাফাত (১৩)।

সফিকুল ইসলাম বলেন, মাগুরা থেকে ঢাকার দিকে যাচ্ছিল নিউ গ্রিন লাইন এক্সপ্রেসের বাসটি। দ্রুতগতির কারণে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সেতুর ঢালের সড়কের রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়।

দুর্ঘটনার পর বাসের যাত্রীদের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে।

পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। 

বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়ার পর প্রায় পৌনে এক ঘণ্টা পর সেতুর ঢাকামুখী লেনে যান চলাচল স্বাভাবিক হয়।