১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নাটোরে বাকির ২০০ টাকা চাওয়ায় দোকানিকে কুপিয়ে হত্যা

পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা সাহেব আলীকে ধরে ফেলে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়।

নাটোরে বাকির ২০০ টাকা চাওয়ায় দোকানিকে কুপিয়ে হত্যা
নাটোরের লালপুরে মুদি দোকানিকে কুপিয়ে হত্যার পর তার দোকানের সামনে স্থানীয়দের ভিড়।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2024, 07:19 PM

Updated : 10 Sep 2026, 12:19 PM

নাটোরের লালপুরে বাকির দুইশ টাকা নিয়ে কথা কাটাকাটির জেরে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবেশীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। 

সোমবার রাত ১টার দিকে লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের চৌষডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন লালপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম। 

নিহত মো. আব্দুস সালাম (৪৫) লালপুরের চৌষডাঙ্গা এলাকার ইয়াজুদ্দিন শাহের ছেলে এবং আটক মো. সাহেব আলী (২৭) একই এলাকার আব্দুল মজিদের ছেলে। 

স্থানীয়দের বরাতে রফিকুল ইসলাম বলেন, ঘরের সঙ্গে লাগোয়া মুদি দোকান চালাতেন আব্দুস সালাম। তার দোকান থেকে বাকিতে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতেন প্রতিবেশী সাহেব আলী। 

এতে সালামের কাছে সাহেব আলীর বাকি জমেছিল দুইশ টাকা। এই টাকা চাইলে সোমবার দু’জনের কথা কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে সাহেব আলী সোমবার গভীর রাতে সালামের মুদি দোকানে আগুন ধরিয়ে দেয়।

“আগুন দেখে সালাম বাইরে আসলে দেশীয় অস্ত্র দিয়ে তার ঘাড়ে কোপ দেয় সাহেব আলী। এতে ঘটনাস্থলেই মৃত্য হয় সালামের।” 

ঘটনার পরে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা সাহেব আলীকে ধরে ফেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাকে পুলিশের হাতে তুলে দেয়। 

পুলিশ কর্মকর্তা নুরুজ্জামান আরও বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাহেব আলীকে আসামি করে একটি হত্যা মামলা করা হয়েছে।”