Published : 06 Jul 2026, 04:29 PM
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ঝোপ থেকে দেশে তৈরি দুটি শটগান ও ১২টি গুলি উদ্ধার করেছে র্যাব।
মতলব উত্তর থানার ওসি মো. কামরুল হাসান জানান, বেলতলী নয়াকান্দি এলাকার রাসেল দেওয়ানের মুরগির খামারসংলগ্ন একটি ঝোপে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলিগুলো উদ্ধার করে র্যাব।
র্যাব-১১ এর বরাতে তিনি বলেন, “রাত্রীকালীন টহলের সময় র্যাব সদস্যরা খবর পান যে, একটি মুরগির খামারসংলগ্ন ঝোপে সন্দেহজনকভাবে একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ পড়ে রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো করা হয়।
“পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে সেখানে তল্লাশি চালানো হলে ব্যাগটির ভেতর থেকে দেশে তৈরি দুটি শটগান ও শটগানের ১২টি গুলি উদ্ধার করা হয়।”
উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মতলব উত্তর থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
ওসি জানান, অস্ত্র ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।