Published : 24 Nov 2025, 09:37 PM
ধর্ম অবমাননার অভিযোগ করা মামলায় গ্রেপ্তার বাউল শিল্পী আবুল সরকারের নিঃশর্ত মুক্তির দাবিতে সিলেটে ‘বিক্ষুব্ধ বন্ধন’ করেছে চারণ সাংস্কৃতিক কেন্দ্র। এ সময় বিভিন্ন স্থানে বাউল ও সুফি সাধকদের ওপর হামলারও প্রতিবাদ জানানো হয়।
সোমবার বিকালে নগরের চৌহাট্টা এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলার সভাপতি নাজিকুল ইসলাম রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তীর পরিচালনায় এতে বাসদ সিলেট জেলার আহ্বায়ক আবু জাফর, শিল্পকলা একাডেমির কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং কথাকলি সিলেটের সভাপতি শামছুল বাসিত শেরো, বাউল ঐক্য পরিষদ সিলেট বিভাগীয় সভাপতি বিরহী কালা মিয়া, সাধারণ সম্পাদক বাউল সূর্যলাল দাস, দপ্তর সম্পাদক শীতন বাউল, বিশিষ্ট সাহিত্যানুরাগী সময়পাঠ’র সম্পাদক মনির হেলাল, নাট্যজন নীলাঞ্জন দাস টুকু, বাউল শিল্পী শাহিনূর আলম সরকার এবং চারণ সাংস্কৃতিক কেন্দ্রের দপ্তর সম্পাদক কবি মেকদাদ মেঘ বক্তব্য দেন।
বক্তারা বলেন, বাউলরা এই মাটিতে বেড়ে উঠা এক অমূল্য সম্পদ। ইউনেস্কো স্বীকৃত বাউল গান সারা পৃথিবীতে বাংলাদেশের সংস্কৃতিকে উপস্থাপন করে। বাউলরা মানুষের ভেদাভেদ ভুলে প্রেম ও মানবতার কথা প্রচার করেন। মানুষের মধ্যে হিংসা-বিদ্বেষ কমাতে বাউলদের এ মত ও পথের গ্রহণযোগ্যতা ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কাছে সমাদৃত।
সম্প্রতি বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন বক্তারা। সেইসঙ্গে দেশের বিভিন্ন স্থানে বাউল শিল্পী, মাজার ও সুফি-সাধকদের আখড়ায় হামলারও প্রতিবাদ জানিয়েছেন তারা।