২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের মুক্তির দাবিতে নেত্রকোণায় মানববন্ধন

২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাকে গ্রেপ্তার করা হয়।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2024, 01:26 AM

Updated : 10 Sep 2026, 12:16 PM

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবিতে নেত্রকোণার মোহনগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা।

বৃহস্পতিবার দুপুরে মোহনগঞ্জ পৌর শহরের এ কর্মসূচিতে উপজেলা বিএনপির হাজারো নেতাকর্মী অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক সেলিম কার্ণায়েন, সদস্যসচিব টিপু সুলতান, পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুম, সদস্যসচিব গোলাম রব্বানী পুতুল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জামিউল ইসলাম রাকিব, পৌর ছাত্রদলের আহ্বায়ক নাজমুস শাদী চৌধুরী অপু।

সেলিম কার্ণায়েন বলেন, “লুৎফুজ্জামান বাবরকে মিথ্যা মামলা দিয়ে শেখ হাসিনা সরকার অন্যায়ভাবে দীর্ঘ বছর ধরে কারাগারে আটকে রেখেছে। গণআন্দোলনের মুখে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। এবার তাকে দ্রুত মুক্তি দেওয়া হোক। ভাটি বাংলার মানুষ প্রিয় নেতার মুক্তির প্রহর গুনছে। অন্যথায় আরও বড় আন্দোলন গড়ে তোলা হবে।”

৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে নেত্রকোণা জেলা শহর, মদন, খালিয়াজুরী ও মোহনগঞ্জে লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবিতে নানা কর্মসূচি পালন করে আসছে বিএনপি।

নেত্রকোণা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।

২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাকে গ্রেপ্তার করা হয়। পরে ২০০৪ সালে আওয়ামী লীগ সরকারের সময় ২১ অগাস্ট গ্রেনেড হামলা ও চট্টগ্রামের ১০ ট্রাক অস্ত্র মামলায় তার মৃত্যুদণ্ড হয়। 

লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে আরও বেশ কয়েকটি মামলা আছে। গ্রেপ্তারের পর থেকে এখন পর্যন্ত তিনি কারাগারে আছেন।