Published : 04 Jul 2024, 09:25 PM
পার্বত্য চট্টগ্রাম থেকে পাহাড়ি নারীদের চীনে পাচারের অভিযোগের মামলায় তিনজনকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে রাঙামাটির মুখ্য বিচারিক হাকিম আদালতে গ্রেপ্তার তিনজনকে তোলা হলে বিচারক কাউসার পারভীন তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সজীব চাকমা, মামিয়া চাকমা ও জেসি চাকমা।
রাঙামাটি কোতোয়ালী থানার ওসি মোহম্মদ আলী বলেন, “মামলাটি বাঘাইছড়ি থানার। তিনজনকে ঢাকা থেকে গ্রেপ্তার করে আনা হয়েছে। বিকালে আদালতে নেওয়া হলে বিচারক তাদের কারাগারে পাঠিয়েছেন।”
পুলিশ জানা যায়, ১৯ জুন রাঙামাটি শহর থেকে পাচারের উদ্দেশে এক কলেজছাত্রীকে অপহরণ করা হয়। ২৬ জুন পুলিশ তাকে ঢাকা থেকে উদ্ধার করে। পরে ওই ছাত্রী ২৭ জুন রাঙামাটির বাঘাইছড়ি থানায় মামলা করেন।
মামলার পর বাঘাইছড়ি থানা তদন্ত শুরু করে। বুধবার রাতে বাঘাইছড়ি থানা পুলিশের নেতৃত্বে একটি দল ঢাকায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সহায়তায় ঢাকার উত্তরায় একটি বাসা থেকে বুধবার রাতে তিনজনকে গ্রেপ্তার করে।
এদিকে পার্বত্য চট্টগ্রাম থেকে প্রলোভন দেখিয়ে চীনে নারী পাচার চক্রের মূল হোতাদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন হয়েছে।
দুপুরে জেলা প্রশাসক কার্যালয় ফটকের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন- কারবারি হিরলাল চাকমা, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা বিজয় চাকমা, উন্নয়নকর্মী সুভাশীষ চাকমা, কবি কিকো দেওয়ান, কলেজ ছাত্র উচিমং মারমা।
বক্তারা বলেন, কিছু স্বার্থান্বেষী পাহাড়ের সহজ-সরল মানুষদের ভুল বুঝিয়ে চীনে নারী পাচার করে আসছে। দীর্ঘদিন ধরে এই ধরনের কার্যক্রম চললেও প্রশাসন এক্ষেত্রে নীরব।
আরও পড়ুন:
প্রলোভন দেখিয়ে পাহাড়ি নারীদের 'বিদেশে পাচারের' অভিযোগ মানববন্ধনে