১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত টয়লেটে শিশুর লাশ, পুলিশের ধারণা হত্যা

শিশুটির মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে, বলছে পুলিশ।

ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত টয়লেটে শিশুর লাশ, পুলিশের ধারণা হত্যা
প্রতীকী ছবি

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2025, 05:36 PM

Updated : 26 Aug 2026, 01:28 PM

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত ভবনের টয়লেট থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে বলে তেঁতুলিয়া মডেল থানার ওসি মুসা মিয়া জানান। 

নিহত ৬ বছর বয়সী আল হাবিব বুড়াবুড়ি ইউনিয়নের শিলাইকুঠি এলাকার বাসিন্দা ও আশরাফুল ইসলামের ছেলে।  

তার লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। 

স্থানীয়রা বলছে, মঙ্গলবার বিকালে খেলতে বের হয়ে আর বাড়িতে ফেরেনি হাবিব। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর রাতে ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত ভবনের টয়লেটে তার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় এলাকাবাসী। মরদেহটি ভাঙা টয়লেটে ছড়ানো ইটের ওপর পড়ে ছিল। শিশুটির গলায় নিজের পরনের শার্ট দিয়ে পেঁচিয়ে বাঁধা অবস্থায় ছিল। মাথার পেছনেও আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

হাবিবের বাবা আশরাফুল ইসলাম বিদ্যুৎ মিস্ত্রি ছিলেন। দুর্ঘটনায় আহত হয়ে বর্তমানে ঠিকমত চলাফেরা করতে পারেন না। তার পরিবার চরম দারিদ্র্যের মধ্যে দিন কাটাচ্ছে বলে জানিয়েছে স্থানীয়রা। 

এলাকাবাসী হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। 

বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক হোসেন বলেন, “ইউনিয়ন পরিষদের পেছনে পরিত্যক্ত ভবনে শিশুটিকে দেখতে পেয়ে স্থানীয় লোকজন ও গ্রাম পুলিশ আমাদের খবর দেয়। 

“তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।”

শিশুটির মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে জানিয়ে ওসি মুসা মিয়া বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। রহস্য উদঘাটনে তদন্ত চলছে।”