Published : 26 Jul 2026, 11:19 PM
সংসদের বাইরে জামায়াতে ইসলামী ও এনসিপির সভা থেকে দেশপ্রেম নিয়ে যেসব বিষয় উঠে আসা দরকার ছিল, তা আসছে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
তিনি বলেন, “পার্লামেন্টে বক্তব্যটা দায়িত্বশীল আকারে দেওয়া দরকার। সেটা প্রত্যেক সংসদ সদস্যই গুছিয়ে দেওয়ার চেষ্টা করেন। দেশের প্রয়োজনে এবং জনসাধারণের প্রয়োজনের সেখানে আপনার বক্তব্যটা দিতে হবে।”
মন্ত্রী বলেন, “প্রথম অধিবেশনে বিরোধী দলকে পরামর্শ আকারে কিছু কথা বলেছি। এখন দ্বিতীয় অধিবেশনে তারা বক্তব্য দিচ্ছেন। তারা দেশের বিভিন্ন এলাকায় সভা করেন। দেশপ্রেম নিয়ে যে কথাগুলো তুলে ধরা দরকার, তুলে আনা প্রয়োজন, খুব একটা আশাবাদী হতে পারছি না।”
রোববার সন্ধ্যায় শহরের একটি রেস্তোরাঁয় জেলা আইনজীবী ফোরামের আয়োজনে নবীন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জামায়াতে ইসলামী ও এনসিপির রাজনীতি নিয়ে প্রশ্ন তুলে এ্যানি বলেন, “এরা আমাদেরকে কী দিতে পারবে, কী দিচ্ছে, কী আমরা আশা করতে পারি? এতটুকু বুঝ-জ্ঞান নবীন ও প্রবীণদের মাঝে, বুঝতে বাকি নেই।”
তিনি বলেন, “রাজনীতির সঙ্গে দেশপ্রেম এবং দেশের সঙ্গে, সমাজের সঙ্গে ও ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে আমাদের নিজের কিছু করণীয়, কিছু চিন্তা এবং এটা বাস্তবায়নযোগ্য করে দেওয়াই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য। এখান থেকে আমার সেবার কথা আসবে, সম্মানের কথা আসবে, শ্রদ্ধার কথা আসবে এবং দেশের প্রতি ভালোবাসার কথাও আসবে।”
বিএনপি নেতা বলেন, “বাংলাদেশে আমাদের পাশাপাশি অনেকগুলো রাজনৈতিক দলকে আপনারা দেখছেন। ১৭ বছর তো আওয়ামী লীগের শাসন দেখে এমন অভ্যস্ত হয়েছেন, এখন আর তাদের নিয়ে বক্তব্য দেওয়ার প্রয়োজন পড়ে না।”
তিনি বলেন, “আমার কথায় যেন কেউ আহত না হন, মনে কষ্ট না পান, নেতাকর্মীদের আমরা বারবার তা স্মরণ করিয়ে দিই। আওয়ামী লীগ ফ্যাসিস্ট যেভাবে বিদায় নিয়েছে, ১৭ বছর তাদের যেভাবে ধারাবাহিকতা ছিল, চাকরি দেওয়ার ক্ষেত্রে হোক, সামাজিকভাবে যেকোনো প্রোগ্রামে হোক, তাদেরকে স্মরণ করে যদি একই পথে হাঁটি, মানুষ কিন্তু আমাদেরকে কখনো বিশ্বাসের জায়গায় রাখবে না এবং জবাবদিহিতার ক্ষেত্রে আমরা পিছপা হয়ে যাব।”
এ্যানি বলেন, “স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতির মধ্যে আকাশ-পাতাল তফাৎ আছে।”
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম লক্ষ্মীপুর জেলা সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহমেদ ফেরদাউস মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান, জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান।