১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

নারায়ণগঞ্জে ‘ডাকাতির প্রস্তুতির’ সময় একজনকে পিটিয়ে হত্যা, নারী আহত

ওসি এনায়েত জানান, নিহত বিল্লালের বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ অন্তত নয়টি মামলা রয়েছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2024, 04:11 PM

Updated : 26 Aug 2026, 11:12 AM

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ‘ডাকাতির প্রস্তুতির’ সময় ধাওয়া দিয়ে একজনকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। একই ঘটনায় মারধরে আহত হয়ে এক নারী হাসপাতালে চিকিৎসাধীন৷

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের কাহেন্দী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন৷

নিহত মো. বিল্লাল ওরফে বিল্লাল ডাকাত (৪৫) একই ইউনিয়নের নারান্দি গ্রামের আব্দুল মজিদের ছেলে৷ 

আহত ২৫ বছর বয়সী নারী পুলিশি হেফাজতে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। 

স্থানীয় লোকজন ও প্রাথমিক তদন্তের বরাতে ওসি এনায়েত বলেন, রাতে ৬-৭ জনের ডাকাতদল কাহেন্দী গ্রামে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি টের পেয়ে গ্রামবাসী তাদের ধাওয়া দেয়৷

এ সময় বিল্লালকে ধরতে পারলে তাকে বেধড়ক মারধর করেন লোকজন৷ এছাড়া ডাকাতদলের এক নারী সহযোগীকেও মারধর করা হয়। 

যদিও হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ওই নারী বলেন, গ্রামবাসীর চিৎকার-চেঁচামেচি শুনে ভয়ে তিনি দৌঁড়ে পালানোর চেষ্টা করেন৷ গ্রামবাসী তখন তাকেও দেখতে পেয়ে ধাওয়া দিলে জীবন বাঁচাতে একটি পুকুরেও ঝাপ দেন৷ পরে সেখান থেকে তুলে তাকে মারধর করা হয়৷

তবে, আড়াইহাজারের ওসির ভাষ্য, এ ডাকাত দলটি সড়কে চলাচলরত যানবাহনে ডাকাতি করে৷ সড়কে ডাকাতির সময় যানবাহন থামাতে নারী সদস্যরা সহযোগিতা করে থাকেন৷ এ নারীও সেইদলের সদস্য৷

“এ নারী বহুরূপী৷ মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে একবার গ্রামবাসী তাকে গ্রামছাড়াও করেছিল”, যোগ করেন তিনি৷

ওসি এনায়েত জানান, নিহত বিল্লালের বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ অন্তত নয়টি মামলা রয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে৷ 

তবে, বেলা দুইটা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি৷