Published : 31 Aug 2026, 09:42 PM
জামালপুর সদর উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে চারজনের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার লাহাড়িকান্দা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
ওসি নাজমুস সাকিব বলেন, সন্ধ্যায় জামালপুর থেকে ছেড়ে রাজিব পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। পথে বাসটি একটি ব্যাটারিচালিত ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়।
এতে ইজিবাইকে থাকা দুইজন ও বাসের দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও অন্তত ১৫ জন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়।
ওসি বলেন, চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় শনাক্তে কাজ চলছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।