Published : 28 Aug 2026, 09:44 AM
মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্সে করে ইয়াবা পাচারের সময় চালকসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মানবেন্দ্র বালো জানান, সদর থানার বেউথা মোড় এলাকায় মানিকগঞ্জ-সিংগাইর সড়কে অভিযান চালিয়ে ১ হাজার ৫০০ ইয়াবাসহ বিকালে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার নতুন বস্তী এলাকার সুলতান মিয়ার ছেলে ফরিদ মোহাম্মদ সৈকত (৪৭), পশ্চিম সেওতা এলাকার খন্দকার শরিফ উদ্দিনের ছেলে খন্দকার আতিকুর রহমান রুবেল (৪০) ও হরিরামপুর উপজেলার ঝিটকা কলাহাটি এলাকার আবুল কাশেমের ছেলে রেজাউল করিম খান মিলন (৪১)।
গোয়েন্দা পুলিশ বলছে, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা। আর মাদক বহনে ব্যবহৃত সরকারি অ্যাম্বুলেন্সটির আনুমানিক মূল্য ১৩ লাখ টাকা।
জেলা গোয়েন্দা পুলিশের এসআই অভিজিৎ চৌধুরী বলেন, “ইয়াবা পাচারের গোপন খবরে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্সে অভিযান চালানো হয়। এ সময় চালকসহ তিনজনকে ১ হাজার ৫০০ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।”
এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে ওসি মানবেন্দ্র বালো জানিয়েছেন।
এ প্রসঙ্গে জানতে চাই মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, অ্যাম্বুলেন্সে মাদক বহনের বিষয়টি জানার পরপরই গোয়েন্দা পুলিশকে আইনগত পদক্ষেপ নিতে বলেছেন।