০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

প্রতিষ্ঠার ৫২ বছর পর খাগড়াছড়ির সরকারি কলেজে তিন কোর্সে মাস্টার্স চালু

এ ছাড়া দুটি বিষয়ে অনার্স কোর্স চালুর অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Oct 2026, 05:51 PM

Updated : 05 Oct 2026, 05:51 PM

প্রতিষ্ঠার ৫২ বছর পর খাগড়াছড়ি সরকারি কলেজে ব্যবস্থাপনা, ইতিহাস ও অর্থনীতি বিভাগে মাস্টার্স চালুর অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এ ছাড়া একইসঙ্গে সমাজবিজ্ঞান ও বাংলা বিভাগে স্নাতক (সম্মান) কোর্স চালুর অনুমোদনও পাওয়া গেছে।

রোববার শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

১৯৭৪ সালে প্রতিষ্ঠিত জেলার প্রধান বিদ্যাপিঠ খাগড়াছড়ি সরকারি কলেজে মাস্টার্স কোর্স না থাকায় অর্নাস, ডিগ্রি পাশ করার পর শিক্ষার্থীরা বাধ্য হয়ে রাঙামাটি বা চট্টগ্রামে গিয়ে মাস্টার্স কোর্স সম্পন্ন করতেন।

বর্তমানে কলেজটিতে প্রায় চার হাজারের বেশি শিক্ষার্থী পড়াশোনা করছে। দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট, আবাসন সমস্যা, শিক্ষার্থীদের হোস্টেল সংকটসহ নানা সমস্যার জর্জরিত পাহাড়ি জনপদের উচ্চশিক্ষায় সবচেয়ে বড় প্রতিষ্ঠানটি।

২৪ সেপ্টেম্বর খাগড়াছড়ি সরকারি কলেজের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানে ব্যবস্থাপনা, ইতিহাস ও অর্থনীতি বিভাগে মাস্টার্স কোর্স চালুর দাবি ওঠে।

তখন অনুষ্ঠানে উপস্থিত খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া দ্রুত সময়ের মধ্যে দাবি পূরণের আশ্বাস দেন।

সোমবার খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া বলেন, “শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ে যোগাযোগ করে এ অনুমোদন আনা হয়েছে। শিক্ষার মানোন্নয়নে আমাদের অঙ্গীকারের এটি একটি অংশ।”

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী শিক্ষাবর্ষ থেকে অনার্সে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে আগামী এক বছরের মধ্যে মাস্টার্সে পাঠদান শুরু হবে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. সরাফত হোসেন।

আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদকপ্রাপ্ত বেসরকারি উন্নয়ন সংস্থা জাবরাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক ও পার্বত্য চট্টগ্রামের শিক্ষানুরাগী মথুরা বিকাশ ত্রিপুরা বলেন, “মাস্টার্স চালুর ফলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের আর চট্টগ্রাম বা ঢাকায় গিয়ে থাকার খরচ বহন করতে হবে না। এতে উচ্চশিক্ষায় ঝরে পড়ার হার কমবে।”

খাগড়াছড়ি সরকারি কলেজের শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম বলেন, “আমাদের দীর্ঘদিনের দাবি ছিল নিজ কলেজ থেকেই মাস্টার্স করার সুযোগ পাওয়া। আগে স্নাতক শেষ করার পর উচ্চশিক্ষার জন্য চট্টগ্রামসহ বিভিন্ন শহরে যেতে হত। এতে অনেক শিক্ষার্থী আর পড়াশোনা চালিয়ে যেতে পারত না। এখন সেই সমস্যার অনেকটাই সমাধান হবে।”

আরেক শিক্ষার্থী মিনতি চাকমা বলেন, “খাগড়াছড়ির মত একটি পাহাড়ি জেলার শিক্ষার্থীদের জন্য নিজ এলাকায় উচ্চশিক্ষার সুযোগ তৈরি হওয়া খুবই গুরুত্বপূর্ণ। মাস্টার্স চালুর ফলে আমাদের সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে।”

খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য বলেন, “খাগড়াছড়ি সরকারি কলেজে তিনটি গুরুত্বপূর্ণ বিভাগে মাস্টার্স চালুর অনুমোদন উচ্চ শিক্ষার দ্বার উন্মুক্ত করবে। পাহাড়ের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন।”