নেত্রকোণায় লরি চাপায় প্রাণ গেল নারীর
ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।
নেত্রকোণার সদর উপজেলার মাটিবোঝাই লরি চাপায় এক নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নেত্রকোণা-কেন্দুয়া সড়কের মদনপুর ইউনিয়নের লক্ষ্মীপুর রেন্টিতলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নেত্রকোনা মডেল থানার ওসি মো. আল মামুন সরকার জানিয়েছেন।
নিহত ৬৫ বছর বয়সী মঞ্জুরা আক্তার উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মুরশেদ আলমের স্ত্রী।
তার মরদেহ উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
ওসি বলেন, “মাটিবোঝাই একটি লরি নেত্রকোণা সদর থেকে কেন্দুয়া যাচ্ছিল। পথে সড়ক পার হওয়ার সময় মঞ্জুরাকে চাপা দেয় লরিটি। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।”
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওসি।
