Published : 15 Jun 2026, 05:06 PM
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা চত্বরে নির্মিত শেখ মুজিবুর রহমানের ম্যুরালে কালিলেপন ও অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ।
সোমবার বেলা পৌনে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের রাতইল হর্টিকালচার সেন্টার এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল বের করেন।
এ প্রসঙ্গে কাশিয়ানী থানার ওসি মুহাম্মদ মাহফুজুর রহমান বলেন, “শুনেছি ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করেছিল। ঘটনাস্থলে গিয়ে কেউকে পাইনি।”
মিছিলে কারা নেতৃত্ব দিয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। বেলা ১২টার দিকে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন সরদার তার ব্যক্তিগত ফেইসবুক পেজে বিক্ষোভ মিছিলের একটি ভিডিও শেয়ার করেন।
ভিডিওতে দেখা যায়, রাতইল হর্টিকালচার সেন্টার এলাকায় ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী মিছিল করছেন। এ সময় তারা সড়কে আগুন জ্বালিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দেন। পাশাপাশি শেখ মুজিবুর রহমানের ম্যুরালে কালিলেপনের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান।

মিছিলের কারণে মহাসড়কের উভয় পাশে বেশ কয়েকটি যানবাহন আটকা পড়ে।
গত ৯ জুন মঙ্গলবার রাতে কাশিয়ানী উপজেলা পরিষদ চত্বরে নির্মিত শেখ মুজিবুর রহমানের ম্যুরালে কে বা কারা কালিলেপন করে। এর পরের দিন বুধবার রাত ৮টার দিকে উপজেলা ছাত্রলীগের কিছু নেতাকর্মীকে ম্যুরালের সেই কালি মুছে পরিষ্কার করতে দেখা যায়।
ম্যুরাল পরিষ্কার করার এই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ ফেইসবুকে এ ঘটনার তীব্র নিন্দা জানান।
মিছিলে কারা অংশ নিয়েছিলেন, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি মুহাম্মদ মাহফুজুর রহমান জানিয়েছেন।