Published : 24 Jan 2026, 03:34 PM
খাগড়াছড়িতে দুই দিনব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা শুরু হয়েছে।
শনিবার সকালে জেলা শহরের বাজার ফান্ড প্রশাসকের কার্যালয়ে কর্মশালার উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুমানা আক্তার।
জাতিসংঘ শিশু তহবিল-ইউনিসেফের সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করেছে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
কর্মশালায় অংশ নিচ্ছে খাগড়াছড়ির নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুল, খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়, মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২ থেকে ১৬ বয়সী ২০ শিক্ষার্থী।

কর্মশালার উদ্বোধনে রুমানা আক্তার বলেন, “বর্তমানে শিশুদের অনেকে তাদের অধিকার নিয়ে সচেতন। তারা ভালো মন্দ যাচাই করতে পারে। এই প্রশিক্ষণের মাধ্যমে শিশুরা সাংবাদিকতার মৌলিক বিষয়ে ধারণা পাবে। পাশাপাশি শিশুরা তাদের অধিকার নিয়ে আরো ভালো করে জানতে পারবে।”
শিশুদের উদ্দ্যেশে তিনি বলেন, “হ্যালো বিডিনিউজ এবং ইউনিসেফ তোমাদের জন্য চমৎকার একটা সুযোগ করে দিয়েছে। তোমরা দুই দিনব্যাপী প্রশিক্ষণে অনেক কিছুই জানতে পারবে। নতুন অনেক বিষয়ে নিজেদের আরও সমৃদ্ধ করতে পারবে। শিশু সাংবাদিকতার উপর প্রশিক্ষণের এই সুযোগকে কাজে লাগাতে হবে।”
কর্মশালায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচএম প্রফুল্ল বলেন, “সাংবাদিকতার সমানে অনেক কঠিন চ্যালেঞ্জ। অনেকে ভুইফোঁড় পত্রিকার কার্ড নিয়ে সাংবাদিকতার পরিবেশ নষ্ট করছে।
“গত কয়েক দশকে সাংবাদিকতার ধরণ পাল্টেছে। এআই এবং ইন্টারনেটের সহজলভ্যর কারণে সাংবাদিকতার দ্রুত বিকাশ হয়েছে। তবে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো যেভাবে গুজব মিথ্যা প্রপাগাণ্ডা ছড়ানো হয় সে বিষয়ে সবাইকে সর্তক থাকতে হবে।”

বিডিনিউজ এবং ইউনিসেফের উদ্যোগে এ ধরনের কর্মশালা যারা সাংবাদিকতার পেশায় আগ্রহী তাদের বড় সহায়ক হিসেবে কাজ করবে বলেও জানান তিনি।
খাগড়াছড়িতে দুইদিন ব্যাপী এ কর্মশালা পরিচালনা করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আন্তর্জাতিক ডেস্কের সাংবাদিক তনুশ্রী বিশ্বাস।
উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনা করেন হ্যালো জেলার তত্ত্বাবধায়ক এবং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের খাগড়াছড়ি প্রতিনিধি সমির মল্লিক ।