মমতাজের পিএস জুয়েলসহ গ্রেপ্তার ৬
“বিভিন্ন থানায় দায়ের করা রাজনৈতিক মামলার তদন্তের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়,” বলেন গোয়েন্দা কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ হোসেন।
মানিকগঞ্জের বিভিন্ন এলাকা থেকে সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমের ব্যক্তিগত সহকারী (পিএস) মো. মাহমুদুল হাসান জুয়েলসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাত ১০টার দিকে এ তথ্য দেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন।
গ্রেপ্তার বাকি পাঁচজন হলেন- মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম সেওতা এলাকার আল-আমীন (৩২), মানিকগঞ্জ সদর উপজেলার চেগারঘোনা গ্রামের আলী বর্দি মিয়া (৭০), ঘিওর উপজেলার বৈকণ্ঠপুর গ্রামের রতন খান (৪৩), দৌলতপুর উপজেলার কলিয়া গ্রামের হাজী মশিউর রহমান (৬৫) ও শিবালয় উপজেলার শিমুলিয়া গ্রামের জসিম উদ্দিন (৪০)।
মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, জেলার বিভিন্ন থানায় দায়ের করা রাজনৈতিক মামলার তদন্তের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারের পর তাদেরকে শুক্রবারই আদালতে তোলা হয়।
