Published : 28 Feb 2026, 08:36 PM
সিলেটের বালাগঞ্জ উপজেলায় মোবাইল ফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক তরুণ নিহত হয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বোয়ালজুড় বাজারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বালাগঞ্জ থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া।
নিহত ইসমাইল আলী (২২) বালাগঞ্জ ইউনিয়নের কাজীপুর গ্রামের কাপ্তান মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোবাইল ফোন হারানোর ঘটনা নিয়ে ইসমাইলের বড় ভাই মামুনের সঙ্গে একই এলাকার হাসানের বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
রাত সাড়ে ১১টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ইসমাইল আহত হন। পরে তাকে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, ময়নাতদন্তের পর লাশ দাফন করা হয়েছে। এ ছাড়া শনিবার রাতে থানায় অভিযোগ দেওয়ার কথা বলেছে নিহতের পরিবার।