Published : 20 Aug 2025, 12:20 PM
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় সড়কের পাশ থেকে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল ৯টার দিকে উপজেলার আদমপুত্র-দুল্লিবৈরাটি সড়কের ব্রিজের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান।
নিহত ৪০ বছর বয়সী নুরুজ্জামান ওরফে জামাল কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের পাঁচহার গ্রামের মগল চাঁনের ছেলে।
স্থানীয়দের বরাতে ওসি মিজানুর রহমান বলেন, স্থানীয় মাছ শিকারিরা রাস্তার ওপর রক্তমাখা অটোরিকশা পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘিয়ে রাস্তার পাশ থেকে নুরুজ্জামানের লাশ উদ্ধার করে।
ঘটনাস্থল থেকে রক্তমাখা অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছেন তারা।