১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভ্যানে ট্রাকের চাপা, চালক ও মাছ বিক্রেতা নিহত

পুলিশ জানায়, ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন।

বিডিনিউজ২৪

বরিশার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2024, 12:07 PM

Updated : 26 Aug 2026, 09:51 AM

বরিশালের গৌরনদী উপজেলায় ট্রাক চাপায় একটি ভ্যানের চালক ও এক আরোহীর মৃত্যু হয়েছে।

গৌরনদী মহাসড়ক থানার ওসি গোলাম রসুল মোল্লা জানান, সোমবার ভোরে উপজেলার বাটাজোর ইউনিয়নের বাইচখোলা এলাকার বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাবুগঞ্জ উপজেলার আগরপুর গ্রামের ভ্যানচালক আয়নাল প্যাদা (৫৮) ও ভ্যান আরোহী মাছ ব্যবসায়ী গৌরনদীর সাকোকাঠি গ্রামের বরুণ দাস (৬০)।

তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

ওসি গোলাম রসুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাবুগঞ্জের আগরপুর গ্রাম থেকে গৌরনদীর মাহিলারা বাজারে মাছ কিনতে যাচ্ছিলেন ভ্যান আরোহীরা।   

“পথে বাইচখোলা এলাকায় বরিশালগামী একটি ট্রাক ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই ভ্যানের চালক ও আরোহী মাছ বিক্রেতার মৃত্যু হয়।”

দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।