Published : 20 Apr 2026, 05:47 PM
পঞ্চগড়ে বিশেষ অভিযান চালিয়ে ১০ জনকে আটক করা হয়েছে; যারা অন্য জেলা থেকে ডাকাতি করতে এসেছিলেন বলে ভাষ্য পুলিশের। এ সময় তাদের কাছ থেকে দেশি অস্ত্র ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
সোমবার ভোরে পুলিশ ও ডিবির যৌথ অভিযানে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন পঞ্চগড় সদর থানার ওসি আশরাফুল ইসলাম।
তদন্তের স্বার্থে আটকদের নাম-পরিচয় জানায়নি পুলিশ।
রোববার রাতে গোপন খবরে পুলিশ জানতে পারে, মাইক্রোবাসে করে রাতে একটি ডাকাত চক্র অন্য জেলা থেকে পঞ্চগড়ে এসেছে। পরে পুলিশ শহরের বিভিন্ন এলাকায় অভিযানের পাশাপাশি চেকপোস্ট বসায়।
প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সামনে থেকে মাইক্রোবাসসহ দুজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাকি আটজনকে সাতমেরা ইউনিয়ন থেকে আটক করা হয়। এ সময় ডাকাতিতে ব্যবহৃত দেশি অস্ত্র উদ্ধার করা হয়।
ওসি আশরাফুল ইসলাম বলেন, আটকরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। এ চক্রের সঙ্গে কারা কারা জড়িত এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ ও তদন্ত চলছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।