ঢাকা থেকে রংপুর অভিমুখে ১১ দলের লং মার্চ ১৯ সেপ্টেম্বর: আজহারুল
গণভোটের রায় বাস্তবায়নসহ আট দফা দাবিতে এই কর্মসূচি ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।
গণভোটের রায় বাস্তবায়নসহ আট দফা দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর লং মার্চ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।
মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড়ে একটি হোটেলের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এ টি এম আজহারুল।
তিনি বলেন, “গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে। তাই জনগণের রায় বাস্তবায়নসহ আট দফা দাবিতে ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট।”
বিএনপি সরকারের সমালোচনা করে আজহার বলেন, “বিএনপি জনগণের রায়কে অস্বীকার করছে। তারা গণভোটের শপথ না নিয়ে জনগণের রায়ের সঙ্গে প্রতারণা করেছে। আমরা বারবার জনগণের রায় বাস্তবায়নের কথা বলেছি। কিন্তু বিএনপি নানা অজুহাতে তা করছে না।
“জনগণের রায় বাস্তবায়নের দাবিতে আমরা সংসদ থেকে ওয়াক আউট করেছি। বারবার প্রতিবাদ করার পরও তারা কর্ণপাত করছে না। এ কারণেই আমরা রাস্তায় নেমেছি। জনগণের রায় বাস্তবায়নের দাবিতে আমরা ঢাকা-রংপুর লংমার্চ ঘোষণা করেছি।”
সরকার জনগণের রায়ের প্রতি সম্মান দেখিয়ে তা বাস্তবায়ন করবে, এমটা প্রত্যাশা করেছেন জামায়াতের এই নেতা।
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বিরোধীদলীয় চিফ হুইপ মাওলানা রফিকুল ইসলাম খানসহ সিরাজগঞ্জ, নাটোর ও বগুড়ার নেতারা উপস্থিত ছিলেন।
