২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

রংপুরে ঘরে গৃহবধূর গলাকাটা লাশ, স্বামী পলাতক

সকালে বাড়ি থেকে বের হয়ে যান বল্টু। দীর্ঘসময় শুকতারাকে না দেখে প্রতিবেশীরা তার ঘরে ঢুকে খাটের ওপর  লাশ পড়ে থাকতে দেখেন।

রংপুরে ঘরে গৃহবধূর গলাকাটা লাশ, স্বামী পলাতক
স্বামী মাহাবুব হাসান রাহাতের সঙ্গে শুকতারা বেগম।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2024, 08:50 PM

Updated : 26 Aug 2026, 09:43 AM

রংপুরের গঙ্গাচড়ায় উপজেলায় ঘর থেকে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক। 

মঙ্গলবার সকালে আলমবিদিতর ইউনিয়নের ব্রহ্মত্ত বালাপাড়ায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গঙ্গাচড়া মডেল থানার ওসি মাসুমুর রহমান। 

নিহত শুকতারা বেগম (৩৫) ওই গ্রামের মাহাবুব হাসান রাহাত ওরফে বল্টুর স্ত্রী। রাহাত আলমবিদিতর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনছুর আলী সরকারের নাতি। 

প্রায় ১৬ বছর আগে রাহাতের সঙ্গে দিনাজপুরের পার্বতীপুর সদর এলাকার শুকতারার বিয়ে হয়। তাদের নবম শ্রেণিতে পড়ুয়া একটি ছেলে রয়েছে। 

স্থানীয়দের বরাতে ওসি জানান, রোববার রাহাতের মা ও তার ছেলে রংপুরে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। বাড়িতে তারা স্বামী-স্ত্রী ছিলেন। 

“মঙ্গলবার সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হয়ে যান রাহাত। দীর্ঘসময় শুকতারাকে না দেখে প্রতিবেশীরা তার ঘরে ঢুকে বিছানায় গলা ও হাত কাটা অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন।” 

পরে এলাকাবাসী গঙ্গাচড়া থানা পুলিশকে খবর দেয়। 

ওসি আরও বলেন, “শুকতারার গলা ও হাত কাটাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। 

“শুকতারার স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা আসলে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া তার স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।” 

রংপুরের জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) হোসেন মোহাম্মদ রায়হান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মধ্যরাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার পর ওই গৃহবধূকে গলা কেটে হত্যা করেছেন স্বামী রাহাত। 

“ঘটনার তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে আসল রহস্য উদ্‌ঘাটন করা যাবে।”