২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ময়মনসিংহে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

“তাকে মাথায় শাবল দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে।”

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2025, 03:59 PM

Updated : 26 Aug 2026, 02:35 PM

ময়মনসিংহে নিখোঁজের তিন দিন পর এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার সকালে সদর উপজেলার ঘাগড়া থেকে লাশটি উদ্ধার করা হয় বলে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান। 

নিহত ১২ বছর বয়সী মো. আশিক ঘাগড়া ভাটিপাড়া গ্রামের সেলিমের ছেলে। 

লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। 

পুলিশ ও স্থানীয়রা বলেন, গত শুক্রবার রাত ৮টার দিকে আশিককে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় একই এলাকার শাহিন (২৬)। এরপর থেকে আশিক নিখোঁজ ছিল। আর শাহিন পালিয়ে যায়। 

রোববার সকালে আশিকের বাড়ির খানিকটা দূরে একটি ভাসমান মরদেহ দেখা গেছে বলে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।

ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, “কয়েকদিন আগে সুপারি পাড়া নিয়ে আশিকের সঙ্গে শাহিনের দ্বন্দ্ব হয়েছিল। পরে গত শুক্রবার রাত বাড়ি থেকে আশিককে ডেকে নেয়। ওই রাতে দুজনকে কথা বলতে দেখেন আশিকের ফুপাত ভাই খোকন। 

“আশিককে মাথায় শাবল দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে।”

এ ঘটনায় শাহিনকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।