Published : 14 Jan 2025, 11:27 PM
মাধ্যমিকের নবম-দশম শ্রেণির ‘বাংলা ব্যাকরণ’ বইয়ের প্রচ্ছদ থেকে ‘আদিবাসী’ শব্দযুক্ত গ্রাফিতি বাতিলের প্রতিবাদ জানিয়েছে পাহাড়ি ছাত্র পরিষদ।
মঙ্গলবার জেলা সদরের মধুপুরের সাংগঠনিক কার্যালেয়ে এক সংবাদ সম্মেলনে তারা গ্রাফিতি পুনঃস্থাপনের দাবি জানান।
পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ-গণতান্ত্রিক সমর্থিত ছাত্র সংগঠনটি এ সময় ‘আদিবাসী’ হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দাবিও জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক কলিন চাকমা।
তিনি বলেন, “রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নামধারী ‘স্টুডেন্ট ফর সভরেন্টি’ নামক সংগঠনের দাবির মুখে এনসিটিবির ওয়েবসাইটে দেওয়া অনলাইন ভার্সনে (পিডিএফ) দেখা যায় গ্রাফিতিটি বাদ দিয়ে নতুন আরেকটি গ্রাফিতি যোগ করা হয়েছে।”
তিনি বাদ দেওয়া ‘আদিবাসী’ শব্দযুক্ত গ্রাফিতি পুনর্বহালের দাবির পাশাপাশি ‘আদিবাসীদের’ শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য পাঠ্যপুস্তকে বিশদভাবে লিপিবদ্ধ করার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক বাবু চাকমা, সহসাধারণ সম্পাদক বিজয় চাকমা, খাগড়াছড়ি মহিলা কলেজে শাখার সভাপতি প্রীতি চাকমা।