২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় লাশবাহী অ্যাম্বুলেন্সে হামলা-ডাকাতি: গ্রেপ্তার ২

ঘটনাটি পুলিশ অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করছে বলে জানান ওসি।

ব্রাহ্মণবাড়িয়ায় লাশবাহী অ্যাম্বুলেন্সে হামলা-ডাকাতি: গ্রেপ্তার ২
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2025, 09:11 PM

Updated : 26 Aug 2026, 12:47 PM

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সড়কে গাছ ফেলে লাশবাহী একটি অ্যাম্বুলেন্সে হামলা ও ডাকাতির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার ভোরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে নাসিরনগর থানার ওসি মো. খাইরুল আলম জানান।  

গ্রেপ্তাররা হলেন- নাসিরনগর উপজেলা সদরের কামারগাঁও এলাকার আব্বাস মিয়া (৩২) ও বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামের সেন্টু মিয়া (৩৬)।

এর আগে বৃহস্পতিবার রাত ১টার দিকে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়া এলাকায় সড়কে গাছ ফেলে ঢাকা থেকে যাওয়া লাশবাহী একটি অ্যাম্বুলেন্সে হামলা ও ডাকাতির ঘটনা ঘটে। ওই অ্যাম্বুলেন্সে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যাওয়া উপজেলার পূর্বভাগ ইউনিয়নের মুকবুলপুর গ্রামের সত্তরোর্ধ্ব ছবদর আলীর লাশের তার স্বজনরাও ছিলেন। রাজধানীর মিরপুরে আহসানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছবদর আলী মারা যান। 

ডাকাত দলের ১০-১৫ মুখোশধারী সদস্য দেশী অস্ত্রশস্ত্র নিয়ে অ্যাম্বুলেন্সটি ভাঙচুর শুরু করে। একপর্যায়ে গাড়ির ভেতরে লাশের সঙ্গে থাকা এক নারীসহ নয়জনকে পিটিয়ে আহত করে। ডাকাত দলের সদস্যরা উপর থেকে কাপড় সরিয়ে লাশের পা উচিয়ে টাকা রাখা হয়েছে কীনা দেখেন। অ্যাম্বুলেন্সের চালকসহ অন্যদের কাছ থেকে ১০টি মোবাইল ফোন ও অর্ধ লক্ষাধিক টাকা লুট করেছে ডাকাত দলটি। 

এ ঘটনায় ছবদর আলীর বড় ছেলে ও উপজেলার পূর্বভাগ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আলমগীর মিয়া বাদী হয়ে শুক্রবার রাতে একটি মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ১৩-১৪ জনকে আসামি করা হয়েছে। 

নাসিরনগর থানার ওসি খাইরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডাকাতির ঘটনাটি পুলিশ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। ইতোমধ্যে ডাকাত দলের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

আরো পড়ুন: 

ব্রাহ্মণবাড়িয়ায় লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতিনারীসহ আহত ৯