২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

রংপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৫৭১, বহিষ্কার ৫

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলায় পাঁচটি ভিজিলেন্স টিম এবং মহানগরে ২০ জন ট্যাগ অফিসার দায়িত্ব পালন করছেন।

রংপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৫৭১, বহিষ্কার ৫
পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে সব পরীক্ষার্থীকে অবশ্যই কেন্দ্রে প্রবেশ করে আসন গ্রহণ করতে হবে। ফাইল ছবি

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2026, 08:03 PM

Updated : 26 Aug 2026, 03:27 PM

রংপুরে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ৫৭১ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এদিন অসৎ উপায় অবলম্বনের অভিযোগে পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. রমিজ আলম এ তথ্য জানান।

তিনি বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা পর্যায়ে পাঁচটি ভিজিলেন্স টিম এবং মহানগরে ২০ জন ট্যাগ অফিসার দায়িত্ব পালন করছেন। 

অনুপস্থিত পরীক্ষার্থীর মধ্যে এসএসসিতে ২২১ জন, দাখিলে ২৮৯ জন এবং এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ৬১ জন ছিল। এ বছর রংপুর জেলায় মোট ৩২ হাজার ৪৮ জন এসএসসি, চার হাজার ৩৯৫ জন দাখিল এবং তিন হাজার ৫৭৬ জন এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন, শিক্ষা বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। কেন্দ্রে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হচ্ছে।

তিনি সকালে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ ও সাতগাড়া বায়তুল মোকাররম কামিল মাদ্রাসাসহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

এদিকে রংপুর মহানগর পুলিশ পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জনসমাবেশ, মিছিল-মিটিং ও অবৈধ অনুপ্রবেশ নিষিদ্ধ করেছে।