‘মোবাইল কেড়ে নেওয়ায়’ অভিমান, ঘরে মিলল ছাত্রীর লাশ
স্থানীয়রা জানান, মোবাইল ফোন ব্যবহার নিয়ে জান্নাতের সঙ্গে তার মায়ের কথা কাটাকাটি হয়।
মানিকগঞ্জের হরিরামপুরে ঘর থেকে নবম শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুরে বয়ড়া ইউনিয়নের কর্মকারকান্দি এলাকা থেকে জান্নাত আক্তারের লাশ উদ্ধার করা হয় বলে হরিরামপুর থানার এসআই মো. এমদাদুল হক জানিয়েছেন।
মৃত জান্নাত প্রবাসী শেখ জাফর মিয়ার মেয়ে। তিনি আব্দুর রাজ্জাক মডেল হাই স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
মৃত ১৫ বছর বয়সী জান্নাত প্রবাসী শেখ জাফর মিয়ার মেয়ে। তিনি আব্দুর রাজ্জাক মডেল হাই স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়রা জানান, সকালে মোবাইল ফোন ব্যবহার নিয়ে জান্নাতের সঙ্গে তার মায়ের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জান্নাতের কাছ থেকে মোবাইল ফোনটি কেড়ে নেওয়া হলে তিনি অভিমান করেন। পরে পরিবারের সদস্যরা ঘরের ভেতর তার ঝুলন্ত লাশ দেখতে পান।
আব্দুর রাজ্জাক মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আওলাদ হোসেন বলেন, “জান্নাত আমার স্কুলের নবম শ্রেণির মানবিক বিভাগের ছাত্রী ছিল। সে আত্মহত্যা করেছে বলে একজন আমাকে জানিয়েছেন।”
এসআই মদাদুল হক বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
