শেরপুরে পাহাড়ে বন্য হাতির আক্রমণে ডাক বিভাগের কর্মী আহত
ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অরূপ সাহা বলেন, আহত রহেশ চন্দ্র কোচের পা ও কোমরে আঘাত লেগেছে।
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ে বন্য হাতির আক্রমণে ডাক বিভাগের এক কর্মী আহত হয়েছেন।
ঈদের দিন বৃহস্পতিবার বিকালে উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া এলাকার নন্দ ভিটা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত রহেশ চন্দ্র কোচ (৪৬) রাংটিয়া এলাকার খনেন্দ্র চন্দ্র কোচের ছেলে। তিনি রাংটিয়া পোস্ট অফিসে ডাকপিয়ন হিসেবে কর্মরত।
এ ঘটনায় তার মেয়ে সাগরিকা কোচ ঝিনাইগাতী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
স্থানীয় আদিবাসী নেতা বরেন্দ্র কোচ বলেন, গারো পাহাড় এলাকায় প্রতিদিন সকালে স্থানীয়রা গরুর পাল ছেড়ে দেন। বিকালে রহেশ চন্দ্র কোচ গবাদিপশু আনতে পাহাড়ের গহীন অরণ্যে যান। তখন পথে একদল বন্য হাতি আক্রমণ করে।
এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অরূপ সাহা বলেন, আহত রহেশ চন্দ্র কোচের পা ও কোমরে আঘাত লেগেছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
