২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

পিরোজপুরে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে চালক নিহত

ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়।

পিরোজপুরে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে চালক নিহত
মো. শেখ এমদাদুল।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2024, 01:23 AM

Updated : 26 Aug 2026, 09:47 AM

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকারের চালক নিহত ও একজন আহত হয়েছেন। 

শুক্রবার রাতে উপজেলার সাফা এলাকায় পিরোজপুর-মঠবাড়িয়া সড়কে এ ঘটনা ঘটে বলে জানান মঠবাড়িয়া থানার ওসি মো. আসিকুজ্জামান। 

নিহত মো. শেখ এমদাদুল (২৭) পিরোজপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শেখবাড়ী এলাকার আলাউদ্দিন শেখের ছেলে। গুরুতর আহত আব্দুল্লাহ শেখ (২৫) একই ওয়ার্ডের হোরের হাওলা এলাকার মো. হুমায়ূন শেখের ছেলে। 

আহত আব্দুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

প্রত্যক্ষদর্শী সোহাগ শেখ বলেন, রাতে সাফা বন্দর এলাকার হিজলতলায় মঠবাড়িয়া থেকে পিরোজপুরের দিকে আসা প্রাইভেটকারটির সঙ্গে পিরোজপুরের দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। 

“এতে করে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান প্রাইভেটকারের চালক এমদাদুল এবং আহত হন গাড়িতে থাকা আব্দুল্লাহ। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত পিরোজপুর জেলা হাসপাতালে পাঠায়।” 

পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক মো. মিরাজুল ইসলাম জানান, এমদাদুলকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল এবং আব্দুল্লাহ নামের একজন গুরুতর আহত হওয়ার কারণে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

ওসি আসিকুজ্জামান বলেন, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।